নাফ নদীতে মাছ ধরার সময় ৭ বাংলাদেশি জেলেকে তুলে নিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নাফ নদীর মোহনায় ঘোলার চর এলাকায় মাছ শিকারের সময় মিয়ানমারের দিক থেকে স্পিডবোটে করে এসে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পালিয়ে আসা জেলেরা।

ওই সাত জেলে হলেন— সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), নয়া পাড়ার আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), গুড়া মিয়া (৬৫) ও আব্দুল মোতালেব (৩৮)।

প্রত্যক্ষদর্শী জেলে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ ও নয়া পাড়ার ১৫-২০টি নৌকা বাংলাদেশের জলসীমায় ঘোলার চর এলাকায় মাছ শিকার করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করেন। অন্য নৌকাগুলো পালিয়ে আসতে সক্ষম হলেও দুটি নৌকা ধরে নিয়ে যায় তারা। ধরে নিয়ে যাওয়ার সময় জেলেদের মারধর করা হয়েছে বলেও জানান তিনি।

জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে বলে জানিয়েছেন নয়া পাড়া মৎস্য ঘাটের সভাপতি কেফায়েত উল্লাহ।

তবে, এ বিষয়ে এখনো বিজিবি বা টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।