‘আমাকে ছাড়া রাজা শিবাজি হবে না’ : রিতেশকে সালমান

৪৭

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্ব নিয়ে নির্মিত ‘রাজা শিবাজি’ মুক্তি পাচ্ছে আগামীকাল। এই ঐতিহাসিক সিনেমায় নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন রিতেশ দেশমুখ।

তবে ছবির সবচেয়ে বড় চমক বলিউড ভাইজান সালমান খান। কোনো অনুরোধ ছাড়াই কীভাবে তিনি নিজে থেকে সিনেমায় যুক্ত হলেন, সেই গল্প এবার ফাঁস করলেন রিতেশ।

এক সাক্ষাৎকারে রিতেশ বলেন, “প্রথমে সালমান ভাইকে নিয়ে ভাবিনি। নবর্ষের আড্ডায় উনি শুটিংয়ের খোঁজ নিলেন। বললাম, এই মাসেই শুরু। সাথে সাথেই উনি প্রশ্ন করলেন, ‘আমি কোন চরিত্রে?’ আমি থতমত খেয়ে বলি, ভাবিনি এখনো। তখনই উনি বলে বসলেন, ‘না, না, না… আমাকে ছাড়া তুমি এই সিনেমা বানাতে পারবে না। থাকতেই হবে আমাকে।’”

সালমানের এই আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন রিতেশ। এর আগেও রিতেশের মারাঠি সিনেমা ‘লাই ভারি’ এবং পরিচালক হিসেবে প্রথম ছবি ‘ভেড’-এ ক্যামিও দিয়েছিলেন সালমান।

‘রাজা শিবাজি’র যাত্রা মোটেও সহজ ছিল না। ট্রেলার লঞ্চে রিতেশ জানান, ২০১৬ সাল থেকে ছবিটি বানানোর স্বপ্ন দেখছিলেন তিনি। নানা প্রতিকূলতা আর করোনার ধাক্কায় বারবার পিছিয়েছে কাজ। রিতেশের ভাষায়, “মনে হতো শিবাজী মহারাজই যেন বলছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।”

এই সিনেমায় রিতেশ-সালমান ছাড়াও আছেন অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। আর এ ছবি দিয়েই বড় পর্দায় পা রাখছে রিতেশের ১০ বছর বয়সী ছেলে রাহিল।

জিও স্টুডিওর নিবেদনে মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে ও জেনেলিয়া দেশমুখ।

সূত্র: এনডিটিভি