পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

৩৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৭ এপ্রিল) সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ টেলিগ্রামে জানিয়েছে, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে তিনি সোমবার ভোরে সেখানে পৌঁছান।” ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস আগেই নিশ্চিত করেছিল যে, পুতিন আরাঘচির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রবিবার (২৬ এপ্রিল) এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বৈঠকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সমন্বয় এবং যৌথ কর্মসূচিগুলো এগিয়ে নেওয়ার’ ওপর গুরুত্ব দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা আরো জোরদান করছে ইরান। এর অংশ হিসেবেই সোমবার রাশিয়ায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। এর আগে রবিবার তিনি পাকিস্তান ও ওমানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার মাঝেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিত্র হিসেবে পাশে দাঁড়িয়েছে। এমনকি রাশিয়ার মাটিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করার প্রস্তাবও দিয়েছে মস্কো।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালালি আরো জানান, ইরান ও রাশিয়া মূলত ‘একতরফা নীতি ও পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত বিশ্ব গড়তে চায় এমন স্বাধীন ও ন্যায়বিচারকামী দেশগুলোর বিরুদ্ধে থাকা বৈশ্বিক শক্তিগুলোর মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট’ হিসেবে কাজ করছে।