মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৯

বর্তমান সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী এবং সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে উন্নয়ন ও সক্ষমতার প্রমাণ দিয়েছে তা আমাদের গর্বিত করে। বিয়াম ফাউন্ডেশনের এই কর্মযজ্ঞ প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।

জুলাই এবং আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের সেই গণঅভ্যুত্থান আবারও আমাদের স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার মানুষের সেই আকাঙ্ক্ষারই সত্যিকারের প্রতিফলন। রাষ্ট্র পরিচালনায় আমরা জনগণের এই স্বপ্নকে সম্মান জানিয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পথে আমাদের আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী হতে হবে। জনপ্রশাসনকে এখন প্রথাগত ব্যবস্থার বাইরে এসে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।