সুশান্ত–জিয়ার মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি তনুশ্রীর, তুললেন নতুন প্রশ্ন

১০

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও তার মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন। এবার তিনি দাবি করেছেন, সুশান্ত সিং রাজপুত ও জিয়া খান আত্মহত্যা করেননি। বরং বলিউডের একটি প্রভাবশালী চক্রের কারণে তাদের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই জানা যায়।

এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ইন্ডাস্ট্রিতে এমন কিছু অন্ধকার দিক রয়েছে, যা নিয়ে প্রকাশ্যে আলোচনা হয় না। তার মতে, এসব চাপ ও পরিস্থিতির কারণেই দুই তারকার জীবন শেষ হয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন, যদি এটি আত্মহত্যাও হয়ে থাকে, তবে কেন তাদের এমন সিদ্ধান্ত নিতে হলো।

তনুশ্রীর দাবি, কোনো সফল ও আত্মবিশ্বাসী মানুষ হঠাৎ করে এমন চরম সিদ্ধান্ত নেয় না। তার মতে, তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন এবং ঠিকভাবে নিজেদের সমস্যা প্রকাশ করতে পারেননি।

তিনি আরও বলেন, বিনোদন জগতে কাজের অনিশ্চয়তা থাকলেও শুধু কাজ হারানোর কারণে কেউ জীবন শেষ করে দেয় না। এর পেছনে অন্য কোনো চাপ বা প্রভাব থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

অভিনেত্রীর অভিযোগ, ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী গোষ্ঠী রয়েছে, যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ না করলে হেনস্তা করে। স্বাধীনভাবে কাজ করতে চাওয়া মানুষদেরও সমস্যায় ফেলা হয় বলে তিনি দাবি করেন।

তনুশ্রীর এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়া।