গম দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি নুসরাত, সঙ্গে যশ

৪০

রেশনের গম দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বা ভারতীয় আর্থিক তদন্তকারী সংস্থা দপ্তরে হাজির হলেন টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে নুসরাত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত দপ্তরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত।

দপ্তরে পৌঁছে সরাসরি ভেতরে প্রবেশ করেন নুসরাত। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

জানা গেছে, দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। তবে তা খারিজ হয়ে যায়। পরে তাকে কলকাতার দপ্তরেই হাজির হতে বলা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, ২০২০ সালের রেশনের গম দুর্নীতি মামলার সঙ্গে এই তদন্তের সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে শতাধিক ট্রাকে রেশনের গম পাচারের চেষ্টা করা হয়েছিল। ওই সময় নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন।

তদন্তকারীদের দাবি, কিছু সূত্রের ভিত্তিতে তার নাম এই মামলায় উঠে এসেছে। যার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এদিন নুসরাতের সঙ্গে থাকা নথিপত্রও যাচাই করবে তদন্ত সংস্থা। তার বয়ান রেকর্ড করা হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তদন্তে একজন মহিলা অফিসারসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

সূত্র: টিভি নাইন বাংলা, আনন্দবাজার পত্রিকা