অন্তর্বর্তী সরকারের ভুলেই হামের টিকাদান ব্যাহত

৩৩

অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হামের টিকাদান ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি জানান, আগের ১৫ বছর (আওয়ামী সরকারের আমলে) স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকের বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।

সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল, যা সে সময় হয়নি।

তিনি বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো।

এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।