জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাত আবদুল্লাহ’র

১১

সংসদকে ‘মনোলগ সেশন’ বা একতরফা আলোচনা কেন্দ্র না বানিয়ে মন্ত্রীদের প্রশ্নোত্তরের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন শেয়ার করার অপরাধে গ্রেফতার ও দমন-নিপীড়নের সমালোচনা করেছেন তিনি।

রবিবার বিকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি কার্যকর সংসদ ও গণতন্ত্রের জন্য মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে আমরা দেখছি তারকা চিহ্নিত প্রশ্নগুলো কেবল টেবিলে উপস্থাপিত হচ্ছে, মৌখিক উত্তর দেওয়া হচ্ছে না। এর ফলে আমরা সম্পূরক প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটি আমার সংসদীয় অধিকার খর্ব করছে। ’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে যে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, সেটিই কেবল পাঠ করা হচ্ছে।
এতে মন্ত্রীদের সঙ্গে আমাদের যে জবাবদিহিতার সম্পর্ক থাকা উচিত, তা নিশ্চিত হচ্ছে না। সংসদ এখন একটি স্ক্রিপ্টেড মনোলগ সেশনে পরিণত হয়েছে। ’