বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংঘর্ষ

২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী ও সাভারে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এদিকে, নাটোরে পুলিশের বাধা ও আওয়ামী লীগের কর্মসূচি থাকায়- পণ্ড হয়ে গেছে বিএনপির আয়োজন।

দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

তেল-গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ছোঁড়া হয়। এসময় সদর থানার আহবায়ক, জেলা ছাত্রদল সভাপতিসহ পাঁচজন আহত হন।

বিএনপির দাবি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় তাদের ৫০ জন কর্মী আহত হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলা হতে পারে।

এদিকে, সাভারে মহাসড়কে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধায় সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আটক করা হয়েছে তিন জনকে।

বিএনপি জানায়, নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় পুলিশ লাঠিচার্জে আহত হয় কমপক্ষে ১০ জন। তবে পুলিশের দাবি, মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বাধা দিলে হামলা চালায় নেতাকর্মীরা।

অন্যদিকে, নাটোরে পুলিশের বাধা ও আওয়ামী লীগের কর্মসূচি থাকায় পণ্ড হয়ে গেছে বিএনপির আয়োজন। বিশৃঙ্খলা ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা সমাবেশের প্রস্ততি নেয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সবামেশ।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়।

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসময় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যরা লুটপাট করায় দেশের দ্রব্যমূল্যের এমন ঊর্ধগতি।

এছাড়াও, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে বিএনপি। এসময় বক্তারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। দুর্নীতির কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।