বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

৩৩

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে।

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে।

জামায়াত আমির দাবি করে বলেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার।

সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১-দলীয় ঐক্য।

অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরো ভয়ংকর হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়।

‘গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না’, যোগ করেন তিনি।

এ সময় সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে।

আমরা জনগণের পাশে থাকব।