শেষদিনে মনোনয়নপত্র জমা দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপচে পড়া ভিড়

৩১

শেষদিনে দলীয় মনোনয়নপত্র জমা দিতে উপচে পড়া ভিড় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। যোগ্য, দক্ষ ও পরীক্ষিতদের সংসদে পাঠানোর দাবি জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত নেত্রীরাই পাবেন সংরক্ষিত আসনের মনোনয়ন।

রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই নয়াপল্টনে মনোনয়নপত্র জমা দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রায় ১২০০ নারী সদস্য সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করেন। এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৮০০ জনের মতো প্রার্থী।

এসময় কেউ কেউ নয়াপল্টনে কার্যালয়ে শোডাউন দেন। প্রত্যাশা করেন, বিগত সময়ে রাজপথে আন্দোলনের পাশাপশি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাকেও মূল্যায়ন করা হবে।

পাশাপাশি গুম, খুনসহ নিপীড়িত পরিবারের সদস্যদের দিকেও দলের মনোযোগ থাকবে বলে প্রত্যাশা মনোনয়ন সংগ্রহকারী নারী নেত্রীদের।

এসময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জমা পড়া মনোনয়ন উত্থাপিত হবে স্থায়ী কমিটিতে। বাছাইয়ে মূল্যায়ন করা হবে ত্যাগী ও যোগ্য নেত্রীদের।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে ভোট হবে আগামী ১২ মে।