কান উৎসবের লাইনআপ ঘোষণা, প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা

৩২

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১২ মে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের উৎসবে মূল প্রতিযোগিতার বিভাগে জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত ২১ জন নির্মাতা। সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে এবার আসগর ফরহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এদা এবং পাওয়েল পাভলিকোভস্কির মতো কিংবদন্তিদের নতুন সিনেমার বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

গত আসরে হলিউড ব্লকবাস্টার সিনেমার আধিপত্য থাকলেও, ৭৯তম আসরে আন্তর্জাতিক এবং স্বাধীন ধারার নির্মাতাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবার প্রতিযোগিতায় একমাত্র মার্কিন পরিচালক হিসেবে লড়বেন ইরা স্যাক্স। আশির দশকের নিউ ইয়র্কের এইডস সংকটের প্রেক্ষাপটে তার নির্মিত ‘দ্য ম্যান আই লাভ’ সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

এবারের আসরের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পাওয়েল পাভলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’। জাপানি মাস্টার ডিরেক্টর হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ সিনেমাটিও রয়েছে মূল প্রতিযোগিতায়।

ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ দিয়ে কানের পর্দা উঠবে আগামী ১২ মে। উৎসবের অন্যতম বড় চমক হিসেবে থাকছেন হলিউড তারকা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ প্রদর্শিত হবে প্রিমিয়ার বিভাগে।

এবারের আসরে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক। এছাড়া চলচ্চিত্রে আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে।

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই বর্ণাঢ্য আয়োজনের।