ইরান তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান

৩৬

লেবাননে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো ইসরাইলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরাইলি হামলাকে ‘প্রতারণা’ এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি ‘বিপজ্জনক লক্ষণ’ হিসেবে বর্ণনা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না।’

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের হাত এখনো ট্রিগারেই (বন্দুকের) আছে।’

এদিকে, লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ লিখেছেন, “লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।”

তিনি সতর্ক করে আরও বলেন, ইসরাইলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনবে।

জানা গেছে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।