‘জাস্টিস ফর রাহুল’: শিল্পীদের নিরাপত্তা দাবিতে কর্মবিরতির ঘোষণা

২৮

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে ক্ষোভ বাড়ছে টলিউডে। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে আর্টিস্ট ফোরাম।

রবিবার সন্ধ্যায় এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে।

ছিলেন নিহত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। শিল্পীদের সুরক্ষার প্রশ্নে ফেডারেশনও একাত্মতা প্রকাশ করেছে।

বৈঠকে তালসারির শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে শোকজ নোটিশ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এরই মধ্যে প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে।

এফআইআর-এ বলা হয়েছে, বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং পরিচালনার কারণে এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি ঘটনার পর ভুল তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে পানিতে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিললেও প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।