কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানো কঠিন: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩১

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনই আন্তর্জাতিক ম্যাচ ফেরানো কঠিন—এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে, এই পরিস্থিতি বদলাতে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সহজ নয়। তবে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কাজ চলছে এবং ভবিষ্যতে পরিস্থিতি উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জানান, কক্সবাজার শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি পরিচিত নাম। তাই স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে দর্শকরা ভিন্ন অভিজ্ঞতায় খেলা উপভোগ করে, সেই ধারণা মাথায় রেখে কক্সবাজারেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম গড়ে তোলার ভাবনা রয়েছে। এজন্য সবার সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে যে সমন্বয়হীনতা ছিল, তা আর থাকবে না।” এখন থেকে স্টেডিয়াম-সংক্রান্ত কার্যক্রম সহজভাবে এগোবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনের সফরে কক্সবাজারে এসে প্রতিমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার সকালে তিনি লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন। পরে সার্ফিংয়ের নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া, কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজ এলাকা, বিকেএসপি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের কার্যক্রমও তিনি পরিদর্শন করেন।