ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ

৪২

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এমনকি এই ফোনালাপে অংশ নিয়েছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (২৪ মার্চ) ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মোদি ফোন করেন ট্রাম্পকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর এটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন।

 

প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের ফোনালাপে বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কও উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংকটের এমন সংবেদনশীল সময়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় কোনো বেসরকারি ব্যক্তির অংশগ্রহণকে অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে।

 

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক অত্যন্ত ভালো, এবং তাদের এই আলোচনা ফলপ্রসূ ছিল।

 

তবে মাস্ক ঠিক কী কারণে এই আলোচনায় যুক্ত ছিলেন বা তিনি কোনো বক্তব্য দিয়েছেন কি না—তা এখনো স্পষ্ট নয়।

 

উল্লেখ্য,গত বছর সরকারি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনাকে অনেকেই তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

 

এদিকে আলোচনায় হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে এই সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।