স্থল যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র? ঠেকাতে ১০ লাখ যোদ্ধা প্রস্তুত ইরানের

৫৯

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কায় দক্ষিণাঞ্চলীয় সীমান্তজুড়ে ব্যাপক প্রস্তুতির দাবি করেছে ইরান। দেশটির একটি সামরিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ১০ লাখের বেশি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে।

বৃহস্পতিবার আইআরজিসি ঘনিষ্ঠ আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া তথ্যের ভিত্তিতে এ দাবি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা ঘিরে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

ওই সামরিক সূত্র হুঁশিয়ারি দিয়ে জানায়, নিজ ভূখণ্ডে মার্কিন বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত রয়েছে ইরান।

সূত্রটি আরও জানায়, ১০ লাখের বেশি যোদ্ধা সংগঠিত করার পাশাপাশি হাজার হাজার তরুণ বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এবং সেনাবাহিনীতে যোগ দিতে আবেদন করছে। এই অংশগ্রহণকে তেহরান বড় শক্তি হিসেবে দেখছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রণালি খুলতে সামরিক কৌশল নেয়, তা মোকাবিলায় ইরান প্রস্তুত এবং প্রয়োজন হলে প্রণালি বন্ধ রাখার অবস্থানও বজায় রাখা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।