সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারাল যুবক

৪৭

কক্সবাজারের উখিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে নাফ নদ সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহিদ (২৬) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।

তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-এ ব্লকের বাসিন্দা এবং মিয়া হাসানের ছেলে। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তি মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়ে সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।