দুই আসনে ভোট : দেশের ভেতরে পোস্টাল ব্যালট যাবে ২৪ মার্চ

৩০

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট ইতোমধ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর দেশের ভেতরে ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানো হবে আগামী ২৪ মার্চ।

বুধবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, শেরপুর-৩ আসনের পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন।

হিজড়া ভোটার ৭ জন। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৭১ জন। এদের মধ্যে আবার প্রবাসী ভোটার ৩৮৩ জন।

অন্যদিকে বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন। আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও হিজড়া ভোটার ১০ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন।

এদের মধ্যে প্রবাসী ১ হাজার ২৮ জন।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, প্রবাসীদের জন্য ওসিভি ও দেশের ভেতরের ভোটারদের জন্য আইসিভি, দুই ধরনের পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট পাঠানো হয়েছে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে।

প্রবাসীদের পাশাপাশি এবার দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পোস্টাল ব্যালট পাঠিয়ে আবার ফেরত আনতে সময়সাপেক্ষ বিধায় সাধারণ নির্বাচনের দিনের আগেই ভোটারদের কাছে পাঠানো হয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

আবার বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।