স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রামক ব্যাধি হাসপাতালে চালু হলো আইসিইউ

৩৩

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।

গত কিছুদিন ধরে হঠাৎ মিজলস বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার অসুস্থ হয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের সুযোগ-সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে, তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে।

আমরা একদিনের মধ্যে চিকিৎসক, অ্যানেস্থেটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করবো।

এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ মার্চ) দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ও একজন অ্যানেস্থেটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউর বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য পাঁচ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।

একইসঙ্গে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে, সে বিবেচনায় পার্শ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।