সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে তিনি যাত্রা শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় গিয়ে খাল-খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে বইছে উৎসবের আমেজ। সর্বত্র নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ সফরকে ঘিরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকাসহ পুরো অঞ্চলে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।