মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ভারত সফর বাতিল করলেন র‍্যাপার ফ্লিপারচি

৩১

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ল ভারতের সংগীতাঙ্গনেও। চলমান সংঘাতের কারণে নিরাপত্তাজনিত উৎকণ্ঠা ও যাতায়াতব্যবস্থা বিঘ্নিত হওয়ায় তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন বাহরাইনি র‍্যাপার ফ্লিপারচি।

আগামী ১৪ ও ১৫ মার্চ ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত ‘ইউএন৪০’ উৎসবে তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আয়োজক প্রতিষ্ঠান সারেগামা ইন্ডিয়া তার অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য ও বাহরাইনের বর্তমান পরিস্থিতির কারণে ফ্লিপারচির পক্ষে এই মুহূর্তে ভ্রমণ করা অসম্ভব হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে বলেন, ফ্লিপারচিকে লাইনআপে রাখার ব্যাপারে ব্যাপক উৎসাহ থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

উল্লেখ্য, রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার ‘এফএ৯এলএ’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতে এই র‍্যাপারের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। তার সরাসরি পরিবেশনা দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য অনুরাগী।

ফ্লিপারচি না থাকলেও ব্যাঙ্গালুরুর এই দুই দিনব্যাপী সংগীত উৎসব নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বলে জানা গেছে।

উৎসবে হিমেশ রেশমিয়া, তালউইন্ডার, আদিত্য রিখারি এবং শাল্মলী খোলগাড়ের মতো জনপ্রিয় তারকারা মঞ্চ মাতাবেন।

এদিকে ফ্লিপারচির গান-সমৃদ্ধ সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রিয় র‍্যাপারকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া হওয়ায় ভক্তদের মনে হতাশা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আয়োজকদের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে।

সূত্র: এনডিটিভি