মুছাপুর রেগুলেটরের কাজ দ্রুত দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মুছাপুর রেগুলেটরের পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই এর অগ্রগতি দৃশ্যমান হবে।

আজ মঙ্গলবার দুপুরে মুছাপুর রেগুলেটর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প বিষয়ে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ২০২৪ সালের বন্যা পরিস্থিতি রেগুলেটরের প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। এ কারণেই প্রধানমন্ত্রী আমাকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। প্রকল্পটি আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে এবং দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মুছাপুর রেগুলেটর শুধু স্থানীয় কোনো সমস্যার বিষয় নয়; এটি বৃহত্তর নোয়াখালীর মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিষয়টি চিহ্নিত করেছিলেন। পরে ২০০৫ সালে তিনি নিজেই মুছাপুর রেগুলেটর প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০২৪ সালে ভারতীয় উজান থেকে নেমে আসা প্রবল ঢলের পানির তীব্র স্রোতে মুছাপুর রেগুলেটরটি বিলীন হয়ে যায়।

এরপর থেকে উপকূলীয় এই এলাকায় আবারও ভাঙন ও বন্যা মোকাবিলায় মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই রেগুলেটরটি দ্রুত পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বামনী ক্লোজারের কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুর রহমান, কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন, ফেনী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম কিরণ, সদস্য নুরুল আমিন সিকদার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ দলের বিভিন্ন নেতা-কর্মীরা।