রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি, প্রজ্ঞাপন জারি

৩০

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। কমিটি জেলা পর্যায়ের সুপারিশ যাচাই করে প্রত্যাহারের যোগ্য মামলার তালিকা প্রস্তুত করবে এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে ৬ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (আইন অনুবিভাগ), আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের প্রতিনিধি এ কমিটির সদস্য।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত ও প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও এতে জানানো হয়েছে।