বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয়

৩১

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন। কয়েক যুগ পর পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী।

সংসার ভাঙাতে যাওয়ার খবরে আলোচনায় উঠে এসেছেন বিজয়। এ নিয়ে ফিসফাস চললেও নীরব তিনি। অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই তারকা অভিনেতা।

বিশ্ব নারী দিবস উপলক্ষে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ চেন্নাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিবাহবিচ্ছেদ নিয়ে তার কাছে জানতে চান এক ভক্ত। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন ৫১ বছরের বিজয়।

থালাপাতি বিজয় বলেন, “সম্প্রতি আমাকে ঘিরে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো নিয়ে দয়া করে কোনো চিন্তা করবেন না। এসব বিষয়ে আপনার সময় দেওয়া গুরুত্বপূর্ণ নয়। এগুলো আমি নিজেই সামলে নেব।”

ভক্তদের উদ্বেগ নিয়ে থালাপাতি বিজয় বলেন, “আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি আমার সমস্যার কারণে আপনারা ব্যথিত বা চাপ অনুভব করছেন। দয়া করে আমার জন্য এসব চাপ বহন করবেন না। বরং আসুন আমরা মানুষের কল্যাণের দিকে মনোযোগ দিই।”

বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের স্ত্রী সংগীতা দাবি করেছেন, একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি তিনি জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়। সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেছেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা করেননি।

ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন বিজয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমান বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। কেবল তাই নয়, সংগীতাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও বিজয় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ সংগীতার। তবে স্ত্রীর এসব অভিযোগ নিয়ে কোনো কথাই বলেননি বিজয়।

*ইন্ডিয়া টুডে