খামেনির ‘নিষ্ঠুর হত্যাকাণ্ডে’ সমবেদনা জানিয়ে যা বললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি খামেনির মৃত্যুকে ‘মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় রুশ প্রেসিডেন্ট একথা বলেন। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। তিনি রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং সেটিকে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে বিশাল অবদান রেখেছেন। ’

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘সর্বোচ্চ নেতার পরিবার ও ঘনিষ্ঠজন, ইরানের সরকার এবং সমগ্র ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সমর্থন পৌঁছে দেয়ার জন্য আপনাকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) অনুরোধ করছি। ’