বড় জয়ে সুপার এইটে পাকিস্তান

৪৩

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দারুণ পারফরম্যান্সে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সালমান-বাবররা।

কলম্বোতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

নামিবিয়ার দুজন ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন-লরেন স্টিনক্যাম্প (২২ বলে ২৩) আর আলেকজান্ডার বুসিং (২০ বলে ২০)।

পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪টি আর শাদাব খান ১৯ রানে শিকার করেন ৩টি উইকেট।

এর আগে বাঁচামরার লড়াইয়ে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান।

কলম্বোতে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ১২ বলে ১৪ রানে থামেন সাইম আইয়ুব। ২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দেন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে।

তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন সাহিবজাদা। ৩৭ বলে ফিফটির পরের ২০ বলে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

শেষদিকে নেমে ২২ বলে ১ চার আর ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান।

নামিবিয়ার জ্যাক ব্রাসেল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান।