তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

৪৪

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এই ঐতিহাসিক বিজয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি ঢাকা ও কুয়ালালামপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন প্রাণশক্তি ও গতিশীলতা আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

আনোয়ার ইব্রাহিম তার বার্তায় এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘদিনের এক কঠিন ও চ্যালেঞ্জিং সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। জনগণের এই ম্যান্ডেট বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত সুদৃঢ়। বিশেষ করে বাণিজ্য, জনশক্তি এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের গভীর স্বার্থ জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রাণশক্তি সঞ্চার করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অধীর আগ্রহে উন্মুখ হয়ে আছে।