নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প

৬৫

ক্ষমতায় আসার পর বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে শান্তিতে নোবেল পুরস্কার চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষপর্যন্ত বিশ্বের সর্বোচ্চ সম্মাননা পুরস্কারটি না পেয়ে ভিতরে ক্ষোভ পুষে রাখেন তিনি। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে আনলেন মার্কিন প্রেসিডেন্ট।

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয়দের সঙ্গে চলমান বিবাদের মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, নোবেল পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শান্তির কথা’ ভাববেন না।

চিঠিতে তিনি লিখেছেন, অটটির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি আর শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময়ই কেন্দ্রে থাকবে, তবে আমি এখন যুক্তরাষ্ট্রের জন্য ‘যা ভালো ও উপযুক্ত’ তা নিয়েই ভাবি।

একই বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটিকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়।

তিনি লেখেন, ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না। গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, চিঠিটি এসেছে তার পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তার জবাবে। বার্তাটি তিনি পাঠিয়েছিলেন নিজের এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের পক্ষ থেকে।

গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে জানিয়ে তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার নয়, স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি দিয়ে থাকে।

সূত্র: আনাদোলু এজেন্সি