টঙ্গীতে কথিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী গ্রেপ্তার

৬৩
জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেপ্তার_জুলাই যদ্ধা.JPEG

গাজীপুর প্রতিনিধি: প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী (২১)। বুধবার (২৪ ডিসেম্বর) রাতের ঘুমের মধ্যে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার  করে।

পুলিশ সূত্র জানায়, সুরভীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ডের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারির আগে কালিয়াকৈর থানায় নাঈমুর রহমান দুর্জয় নামের এক যুবক তাহরিমা সুরভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলায় চাঁদাবাজি, অপহরণ এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

তদন্তে উঠে এসেছে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখিয়ে এবং মামলার ‘মীমাংসা’ করার নাম করে এই চক্রটি ভুক্তভোগী থেকে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নিয়েছে।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও ও বিতর্কিত লাইভের মাধ্যমে পরিচিতি পাওয়া তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, নিজের পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করে অর্থ আদায় করতেন।

গ্রেপ্তারে পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।