খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতার অপারেশন সম্পন্ন, এখনো আশঙ্কামুক্ত নন

৯১

খুলনায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রপচার করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, ‘মোতালেব সিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে।’

মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম জানান, একজন অটোওয়ালা তাকে ফোন করে মোতালেব সিকদারকে গুলির ঘটনা জানায়। তারাই তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, এনসিপির নেতৃবৃন্দ বলছেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাস ধরে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এর মধ্যে ঢাকায় হাদীর হত্যাকাণ্ডের পর খুলনায় এনসিপির জাতীয় শ্রমিক শক্তির নেতার উপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সোনাডাঙ্গা মজিদ সরনীর একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, ‘গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’