হাদিকে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ছাত্রদল সম্পাদক

৪০

তফসিল ঘোষণার পরের দিনেই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদিকে গুলির ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে সবার কাছে দোয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, ওসমান হাদির অবস্থা গুরুতর। তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গেছেন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।