নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬, অবস্থা আশঙ্কাজনক

৩৬

নারায়ণগঞ্জে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।
 
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ৬ জনের শরীররই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।