ইসি যেসব সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: হাসনাত

Hasnat 1024x576
২৪

নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুরে দলের এক সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেটির ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করেনা। এ বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।

তিনি আরও বলেন, কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট নয়। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি । 

এনসিপির এই নেতা বলেন, আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সে সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয়, মাইক মার্কা দেবে, আবার মোবাইল দেখার পর মনে হয় মোবাইল মার্কা দেবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সেটারও মার্কাও আছে। 

তিনি বলেন, আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। 

বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়নি জানিয়ে দলের দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সওেঙ্গ এনসিপির সখ্যতা তৈরি হবে।

এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।