৪৮তম বিসিএসের পদ বাড়ানো নিয়ে যা বলল সরকার

১০৩

পদ বাড়িয়ে নিয়োগের দাবিতে চিকিৎসকেরা আন্দোলন করলেও ৪৮তম বিশেষ বিসিএসের পদ আর বাড়ানোর সুযোগ নেই বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়িয়ে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এমন পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও চিকিৎসকসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন, ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগির তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।