শাহজালালে আগুনের ঘটনায় সারজিসের পোস্ট

৪৮

বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।’

তিনি লিখেছেন, ‘বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।’

এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।

আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জন আনসার সদস্য এবং সাতজন ফায়ার সার্ভিসে সদস্য রয়েছেন। শনিবার বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে এখন পর্যন্ত এক হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের ৭ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরইমধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
 
এখন পর্যন্ত ফ্লাইট রেডারে শাহজালাল বিমানবন্দরে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।