নর্ডিক রাষ্ট্রদূতদের সাথে এনসিপির বৈঠক

২৫

বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন এর রাষ্ট্রদূতগণের সাথে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন এর বাসভবনে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ সকলে মিলিত হন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির নানান আলাপ। রাষ্ট্রদূতগণ সংস্কার ও জুলাই সনদ নিয়ে ঐকমত্যের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেইসাথে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়। এ সময়, উভয়পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।