গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী তরুণ একাডেমিশিয়ান হাফিজুর রহমান

১২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে প্রার্থী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বনামধন্য একাডেমিশিয়ান ও গাজীপুরের কৃতি সন্তান ড. হাফিজুর রহমান-কে মনোনয়ন দিয়েছে। প্রবাসফেরত এই শিক্ষাবিদের প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে ড. হাফিজুর রহমান তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি তুরস্কে জামায়াতের সভাপতি ও বাংলাদেশ ফোরাম অব তুর্কি-র কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে তিনি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদের ভিপি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

একাডেমিকভাবে গাজীপুরের গর্ব এই শিক্ষাবিদ বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের সন্তান। দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পরে তুরস্ক সরকারের স্কলারশিপে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

লেখক হিসেবেও তিনি সমানভাবে পরিচিত। তার রচিত বই ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইমেলায় সর্বাধিক বিক্রিত গ্রন্থগুলোর একটি ছিল। এছাড়া ‘আমার দেখা তুরস্ক’ এবং ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’ বই দুটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

শিক্ষক, লেখক ও খতিব- এই তিন পরিচয়ে সমৃদ্ধ ড. হাফিজুর রহমান নিয়মিত পাঠদান করেন এবং জুমার খুতবাও প্রদান করেন। তার জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণ তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৬ আসনে জামায়াত এমন একজন একাডেমিক ও নৈতিক নেতৃত্ব উপস্থাপন করেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন ভোটধারার সূচনা করতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত তরুণ, সৎ ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চান ড. হাফিজুর রহমান সেই ধারারই প্রতীক।

প্রার্থিতার ঘোষণা ঘিরে ইতোমধ্যে গাজীপুরের শিক্ষিত তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। প্রবাসী অধ্যাপক, গবেষক ও জনপ্রিয় লেখক এই প্রার্থীকে ঘিরে টঙ্গীজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়।