অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের পরদিনই মঙ্গলবার (৭ অক্টোবর) বোর্ড সভায় নতুন পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই রাতে আয়োজিত হয় ‘নাইট অব সেলিব্রেশন’ অনুষ্ঠান।

সব ব্যস্ততা শেষ করেই বুধবার (৮ অক্টোবর) ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন বুলবুল। বিসিবি সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে তিনি সেখানে গিয়েছেন এবং সপ্তাহখানেক অবস্থানের পর দেশে ফিরবেন। তার পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন কিছু কাজ শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।

তিনি আরও জানান, আমরা সবাই দেশের ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে বা নেই তা বিবেচ্য নয়। সকল অংশীদারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। প্রয়োজনে তাদের কাছেও যাব।

বুলবুল নতুন মেয়াদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন। এর মধ্যে রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল, ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটি।

এছাড়া নাজমুল আবেদীন ফাহিম আগের মতোই ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে আছেন।

ইশতিয়াক সাদেক হয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান। আসিফ আকবর পেয়েছেন বয়সভিত্তিক ক্রিকেট কমিটির দায়িত্ব। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হয়েছেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান। আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক হয়েছেন মহিলা উইংয়ের প্রধান।

তবে বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদ এবার কোনো কমিটির প্রধান হননি।