হাড় কাঁপানো ঠাণ্ডায় ২০২২টি ডুব দিয়ে বর্ষবরণ!

৪৭

বর্ষবরণ করতে একটা-দুটো নয় হিমশীতল পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিয়েছেন ভারতের এক যুবক।

এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত।

নতুন বছরের প্রথম দিনে তাপমাত্রার পতনে কাঁপছে বাঁকুড়া। ঠিক সেই সময়েই সকলকে চমকে দিলেন বিষ্ণুপুরের সদানন্দ।

শনিবার নববর্ষকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের লালবাঁধের ঠাণ্ডা পানিতে পরপর ২০২২টি ডুব দিয়েছেন তিনি। এমনটাই দাবি সদানন্দের।

সদানন্দ জানিয়েছেন, বছর পাঁচেক আগে তার মাথায় আসে পানিতে ডুব দিয়ে বিশ্বরেকর্ড করার। কিন্তু কত সংখ্যক ডুব দিলে তা সম্ভব, সেটি জানা নেই সদানন্দর। তিনি স্থির করেন, সনের সংখ্যার ধরেই ডুব দেবেন। সেই থেকে প্রতি বছর ডুব দিয়ে আসছেন তিনি। এবারও তার অন্যথা হল না। শনিবার ২০২২ সালের প্রথম দিনে পরপর ২০২২টি ডুব দেন সদানন্দ। স্মৃতি বিজড়িত লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে সদানন্দের এই অভিনব কায়দায় বর্ষবরণ উপভোগ করলেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও।

সদানন্দ বলেন, ‘‘আমি জানি না কত সংখ্যক ডুব দিলে বিশ্বরেকর্ড করা যায়। জানি না সেই বিশ্ব রেকর্ডের তকমা পেতে গেলে কীভাবে আবেদন করতে হয়। তবে আমি যত দিন বাঁচব, তত দিন আমি এই ভাবেই বর্ষবরণ করে যাব।’

সূত্র: আনন্দবাজার।