গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ্কে ফেনী থেকে এবার এপিবিএনে বদলি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যেই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ্‌কে ফেনীতে বদলি করা হয়েছিল। এবার ১০ দিনের ব্যবধানে তাকে ফেনী থেকে খাগড়াছড়িতে সংযুক্ত করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ্‌কে ৬ এপিবিএন খাগড়াছড়ির মহালছড়িতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জ থেকে মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। আর ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।