নতুন দলে সালাহর প্রথম হ্যাটট্রিক, গড়লেন বিরল কীর্তি

লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দিয়েই নিজের চেনা রূপ দেখাচ্ছেন মোহামেদ সালাহ। তুর্কি ক্লাবের জার্সিতে আগুনে ফর্মে থাকা এই মিসরীয় সুপারস্টার এবার তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক।

শুধু হ্যাটট্রিকই নয়, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল। সালাহর এমন রাজকীয় নৈপুণ্যে ভর করে তুর্কি সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারেইকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ত্রাবজোনস্পোর।

এই ম্যাচের আগে টানা ৫ ম্যাচে অপরাজিত (৪ জয় ও ১ ড্র) থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছিল শক্তিশালী গালাতাসারেই। ম্যাচ হেরেও তারা শীর্ষে টিকে থাকলেও তাদের অপরাজিত থাকার ধারা চূর্ণ করে লিগে প্রথম হারের স্বাদ দিল ত্রাবজোনস্পোর।

অন্যদিকে, সমান ৬ ম্যাচে ৩ জয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে সালাহর দল।

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই ত্রাবজোনস্পোরকে এগিয়ে নেন সালাহ। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ৩৯ মিনিটে সালাহর বাড়ানো চমৎকার পাস থেকে স্কোরলাইন ২-০ করেন নোয়াহ সাভিওলো।

বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪৪তম মিনিটে ফ্রাঙ্কুলিনো জুর সহায়তায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই মিশরীয় তারকা।

দ্বিতীয় অর্ধে ৮০তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিপক্ষের অর্ধে প্রায় বাধাহীনভাবে বল টেনে নিয়ে নিজের ট্রেডমার্ক ‘সাইড-ফুট’ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচের ৭১তম মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন গালাতাসারেই কোচ ওকান বুরুক। এরপর ৮৭ মিনিটে তাদের মিডফিল্ডার লেসলি উগোচুকুও সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সালাহরা, যা তাদের শীর্ষে থাকা গালাতাসারাইয়ের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পেছনে রেখেছে।

এই দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে ২০০০-০১ মৌসুমের পর প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ত্রাবজোনস্পোরের মাঠে প্রথম তিন ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়লেন সালাহ।