অপ্রতিমের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শোবিজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) এর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শোবিজ তারকারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কোটবাড়ির জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন তারকারা:

সিয়াম আহমেদ লেখেন, ‘অপ্রতিমের ছবির দিকে বেশিক্ষণ তাকাতে পারছি না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখ ভাসে। সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

ইরফান সাজ্জাদ লেখেন, ‘বাংলাদেশি হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। এই দেশটা শিশুদের জন্য নরক।’

পূজা চেরী লেখেন, ‘একজন মায়ের একমাত্র সন্তান এভাবে অকালে ঝরে যাবে, মেনে নেওয়া যায় না।’

কোনাল লেখেন, ‘এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দেবো না?’

এছাড়া রওনক হাসান, আশফাক নিপুণ ও মিজানুর রহমান আরিয়ানও দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।