হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার

জুলাই-আগস্ট আন্দোলনের সময় হত্যা মামলায় চলচ্চিত্রের নায়ক ও প্রযোজক আলী মর্তুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অপু বিশ্বাসের ‘শিকারী’ সিনেমার নায়ক।

সূত্র জানায়, নেপালে ‘শিকারী’ সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর ২৮ আগস্ট শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। আদালতে ১ দিনের রিমান্ড শেষে ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তবে বিষয়টি ১৭ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে আসে।

২০২৪ সালের ৫ আগস্ট পারভেজ ব্যাপারী হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় পলাশের বিরুদ্ধে নাশকতা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। সিআইডি জানিয়েছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এদিকে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মাদক-অস্ত্র ব্যবসা ও অবৈধ সম্পদের অভিযোগ ভাইরাল হলেও পরিবার তা অস্বীকার করেছে। ছোট ভাই হাসিবুল হাসান বলেন, তাদের পরিবার আগে থেকেই বিত্তশালী, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই এবং ফেসবুকে ভাইরাল স্ক্রিনশটগুলো ফেক।