মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাসস্ট্যান্ড এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম।

স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, ‘এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম। এরপর বিকট শব্দ হওয়ার পর আমরা এগিয়ে গিয়ে প্রথমে ভাবছিলাম, গাড়ির চাকা ব্রাস্ট হয়েছে। পরে দেখলাম, না—অনেক ধোঁয়া, ধোঁয়ায় ভরে গেছে। পরে বুঝতে পারলাম, ককটেল বিস্ফোরণ হয়েছে। কিন্তু কে বা কারা বিস্ফোরণ করেছে, তা দেখা যায়নি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘যে স্থানে এমনটা হয়েছে, সেখানে সব সময় টহল পুলিশ থাকে। তবে ওই সময়ে আমাদের টহল পুলিশ সেখানে ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্ভবত মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগেও নির্বাচনের আগে এ রকম দুই-তিনটি ঘটনা ঘটেছে। যারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কাজ করা হচ্ছে।’

ঘটনাস্থলে পুলিশের একটি দল এবং এসআরবি (র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ; সদ্য পরিবর্তিত নাম) বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছে।

এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।