মেসির চোখ ধাঁধানো গোল বৃথা গেল শেষ মুহূর্তে!

জয়ের খুব কাছেই ছিল ইন্টার মায়ামি। মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ রক্ষা হলো না। যোগ করা সময়ে গোল হজম করে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

ম্যাচের ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ পাস আদান-প্রদান করে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন মেসি। এটি ছিল চলতি মৌসুমে এমএলএসে তাঁর ১৯তম গোল।

এর আগে ৪ মিনিটে স্যাম সারিজের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ১৯ মিনিটে মেসির কর্নার থেকে আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি।

মেসি ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিলেন। একবার তাঁর শট পোস্টে লাগে, আরেকবার ক্রসবারে। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে ১০০তম গোলের অপেক্ষা আরও বাড়ল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সারিজ নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান। এই ড্রয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রইল ন্যাশভিল।