দেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

 

বাংলাদেশের আইনি, বিচারিক ও সংবিধান সংস্কারসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স।

বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধ, প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন নিয়ে আলোচনা হয়।

ইউএনডিপি প্রতিনিধি বলেন, “আমরা সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই। আপনি সংবিধান সংশোধন কমিটির সভাপতি হয়েছেন, চাইলে আমরা সহায়তা দিতে আগ্রহী।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন চাই, তবে নতুন অবকাঠামো নির্মাণ করতে চাই না। তিনি সাইবার সুরক্ষা আইন বাস্তবায়নে ইউএনডিপির লজিস্টিক সহায়তা চান।

মন্ত্রী আরও জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে, আগামী সংসদ অধিবেশনে পাস হবে। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’ নীতিগত অনুমোদন পেয়েছে। বর্তমান সরকারের সময়ে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যা হয়নি বলেও দাবি করেন তিনি।