হরমুজ প্রণালি ঘিরে ইরানের নতুন পদক্ষেপ, কালো তালিকায় ৪৫ জাহাজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান।

রোববার (২৩ আগস্ট) রাতে এক্সে দেওয়া পোস্টে ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ জানায়, তালিকায় সৌদি আরব, আমিরাতসহ বিভিন্ন দেশের অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, এলএনজি, এলপিজি ও পরিশোধিত জ্বালানি ট্যাংকার রয়েছে।

সংস্থাটি জানায়, তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা, আটক ও পণ্য জব্দ করা হতে পারে। এগুলোর সঙ্গে শিপ-টু-শিপ ট্রান্সফারে যুক্ত অন্য নৌযানকেও কালো তালিকায় যুক্ত করা হবে।

তালিকায় আমিরাতের ADNOC L&S, তার সহযোগী নেভিগ৮ ট্যাংকারস, সৌদির বাহরি, নরওয়ের ক্লাভেনেস, স্টল্ট ট্যাংকারস ও দক্ষিণ কোরিয়ার সিনোকরের জাহাজ রয়েছে। কোন নিয়ম ভাঙায় তাদের নন-কমপ্লায়েন্ট করা হয়েছে তা স্পষ্ট করেনি ইরান। তবে আগে তেহরান বলেছিল, প্রণালি পার হতে ইরানের অনুমোদন ও ফি লাগবে।

ইরানের এই পদক্ষেপ এলো যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’র হুমকি দেওয়ার কয়েক দিন পর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরান-সংশ্লিষ্ট নৌযানে অবরোধ দিয়েছে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট শুক্রবার (২১ আগস্ট) জানান, হরমুজ দিয়ে এখনও দৈনিক ৮০ লাখ ব্যারেলের বেশি তেল যাচ্ছে এবং মার্কিন নৌবাহিনীর কারণে প্রবাহ সচল আছে।