ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে তুলনামূলক খারাপ ফলের কারণেই ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘সব বোর্ডের ফল পর্যালোচনা করে দেখেছি, ইংরেজি ও গণিত—এই দুই বিষয়েই পরীক্ষার্থীরা বেশি খারাপ করেছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি, তখন থেকেই মূলত এই দুটি বিষয়ে ফেলের হার বাড়ে এবং পাসের হার কমে।’

প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ। পাশাপাশি এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যা আগের বছরের চেয়ে ২২ হাজার ৩৫৬ জন কম।

এ বছর সারাদেশে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৭১.৬৩ শতাংশ পাসের হার ঢাকা বোর্ডে।

অন্যান্য বোর্ডের মধ্যে যশোরে ৬৬.২৭, কুমিল্লায় ৬৫.৪২, রাজশাহীতে ৬৩.৬৭, বরিশালে ৬০.৩৫, চট্টগ্রামে ৫৯.৪৮, সিলেটে ৫৮.৩৩, দিনাজপুরে ৫৮.০৫ এবং ময়মনসিংহে পাসের হার ৫৭.৩৯ শতাংশ। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।