‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের উদ্বোধন

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মিরপুর সুইমিং কমপ্লেক্সে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ২ মে সিলেট থেকে শুরু হওয়া এই মেগা ইভেন্ট উপজেলা, জেলা ও বিভাগীয় পর্ব শেষে এখন জাতীয় পর্যায়ে। ৮টি ইভেন্ট দিয়ে শুরু হলেও এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্ট হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা জাতিকে ঐক্যবদ্ধ করে। মোবাইল আসক্তি ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে খেলার বিকল্প নেই। জাতীয় পর্যায়ে ভালো করা খুদে ক্রীড়াবিদদের বিকেএসপিতে ভর্তি করে সব দায়িত্ব সরকার নেবে।

২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কার তুলে দেবেন। দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন ১ জুলাই থেকে শুরু হয়েছে।